৫ লাখ পাউন্ড জরিমানা দিতে রাজি ফেসবুক
ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাজ্যকে পাঁচ লাখ পাউন্ড জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক। বৃটেনের তথ্য অধিকার নিয়ন্ত্রক সংস্থা ইনফরমেশন কমিশনারস অফিস বা আইসিও এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
ফেসবুকের মাধ্যমে ক্যামব্রিজ অ্যানালিটিকা ৮৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির মাধ্যমে ২০১৬ সালে মার্কিন নির্বাচনে এবং পরে বৃটেনের বেক্সিট গণভোটে প্রভাব বিস্তার করেছিলো বলে অভিযোগ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আইসিও এই জরিমানা করেছে।
যদিও জরিমানার পরিমান ৫৪০ বিলিয়ন ডলার কোম্পানির ক্ষেত্রে তেমন বড় কিছু না, তারপরেও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে এর আগে অন্য কোনো কোম্পানিকে এতো বেশি পরিমানের জরিমানার মুখোমুখি হতে হয়নি।
এর আগে গতবছর সর্বপ্রথম ফেসবুককে জরিমানা করে আইসিও, তবে ফেসবুক আপিল করে। অবশেষে জরিমানা পরিশোধ করতে সম্মত হয়েছে ফেসবুক। জরিমানা দিলেও এর দায়ভার নিতে রাজি হয়নি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ডিবিটেক/বিএমটি